ঘোরের ভেতর যে বাতাসের সংঘর্ষে শীতল হয়ে উঠেছিলাম,
সেই শীতলতার লোভে বাতাসের পিছু ছুটতে ছুটতে
নিজেকে আবিষ্কার করি নিজের থেকে অনেক দূরে।
বিভ্রান্তিকর এই অনিশ্চিত পথ থেকে বেরিয়ে যেতে চেয়ে
নিজেকে হারিয়ে ফেলেছি মাতাল শহরের কোনো পরিত্যাক্ত মদের বারে।
হারিয়ে যাওয়া নিজের অস্তিত্বের অভিশাপে—
এক বোতল হুইস্কি গোগ্রাসে খেয়ে ফেললো আমার শান্তিপূর্ণ হৃদয়।
ক্লান্ত শরীরে ভর করে আমার আহত আত্মা প্রবেশ করে প্রাণহীন শহরে।
যে শহরের পথ জানেনা তার শেষ ঠিকানা। সেই শহরে,
এক টুকরো শীতল বাতাসের খুঁজে আমি বিক্রি করলাম নিজের আত্মাকে।
এইসব শহুরে ভ্রান্ত অভিযোগ দূর হলে,
আমার শরীর ছুটে যাবে তোমার কাছে।
অবসাদমাখা আমার শরীর নতজানু হয়ে,
চেয়ে থাকবে তোমার শীতল চোখে।
তখন, তখন তোমার নরম হাতের স্পর্শে,
আমার শরীরে এনে দিও এক টুকরো হৃদয়।
No comments:
Post a Comment